ধীরাজ পাল হত্যা: ইটভাটার এক মালিকসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিমান্ড
প্রতীকী ছবি

সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল (৬০) হত্যা মামলায় ইটভাটার মালিকপক্ষের একজন অংশীদারসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুর থেকে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

গতকাল সোমবার ইটভাটার মালিকপক্ষের অংশীদার মেরাজুল ইসলাম চৌধুরী, ইটভাটার ব্যবস্থাপকের সহকারী সুহেদ আহমদ ও সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন গত শুক্রবার রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চ্যুয়াল আদালতে তিনজনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট শহরতলির আলমপুরের বাসিন্দা ধীরাজ পালকে শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। লাশের মাথার পেছনে, পায়ে, পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

সিলেট শহরতলির আলমপুরের বাসিন্দা ধীরাজ পালকে শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫১ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড ঘটে। তবে হত্যাকারী কারা, এ বিষয়ে কোনো সূত্র পায়নি পুলিশ। ধীরাজ পালের মাথার পেছনে, পায়ে, পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

পুলিশ সূত্র বলছে, গহরপুর ব্রিকস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের ওই ইটভাটা চারজন অংশীদার মালিকের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। ধীরাজ পাল সেখানে প্রায় আট বছর ধরে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মালিকপক্ষসহ ইটভাটার সহকারী ব্যবস্থাপক, মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া দুজনসহ ছয়জনকে শুক্রবার রাতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় নিহত ধীরাজ পালের বড় ছেলে প্রভাকর পাল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করলে জিজ্ঞাসাবাদের জন্য আটক ছয়জনের মধ্যে তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।