ধুনটে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের পর শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম পিয়ারা খাতুন (২২)। এ ঘটনায় তাঁর স্বামী সজিব হোসেন (২৫) ও শাশুড়ি সাজেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ারা খাতুনের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে সজিব হোসেনের বিয়ে হয়। পেশায় কাঠমিস্ত্রি সজিব মাদকাসক্ত ছিলেন। প্রায়ই এ নিয়ে তাঁদের সংসারে ঝগড়া-বিবাদ হতো। একাধিকবার সালিসও হয়েছে। গত শনিবার ফের মাদক কেনার টাকার জন্য ঝগড়া হয় তাঁদের। একপর্যায়ে স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে সজিব। এরপর বিষয়টি ধাপাচাপা দিতে লাশ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান সজিব ও তাঁর মা। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গত শনিবার বিকেলে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহত পিয়ারা খাতুনের বাবা হোসেন আলী বাদী হয়ে শনিবার রাতেই সজিব হোসেন, তাঁর মা সাজেদা বেগমসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে শেরপুর শহরের দাড়কিপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, মাদকাসক্ত সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে পিয়ারা খাতুনকে মারধর ও হত্যার সত্যতা পাওয়া গেছে। নিহত পিয়ারার মুখে ও গলায় একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব নয়।