ধুনটে আ.লীগের সম্মেলনে হামলা, সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্কোন্দলের জেরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ সম্মেলনে যোগ দেওয়া নেতা–কর্মীদের ধাওয়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে
ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সম্মেলন পণ্ড হয়ে গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। অন্তর্কোন্দলের জের ধরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক আবদুল হাইয়ের নেতৃত্বে সদর ইউনিয়নের চারটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ওই নেতা–কর্মীরা সেখানে গিয়ে সম্মেলনে যোগ দেওয়া নেতা–কর্মীদের ধাওয়া দেন এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ১২টার দিকে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এম এ তারেক হেলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর রহমানকে (৬৫) তাঁর এলাঙ্গী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পিটিয়ে আহত করা হয়। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নুরুন্নবী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা তারেক হেলালের নেতৃত্বে এলাঙ্গী বাজারে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর রহমানকে মারধর করা হয়েছে। হামলার কারণে সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

হামলার সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে
ছবি: প্রথম আলো

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের মহসিন আলম বলেন, নুরুন্নবী ও আবদুল হাই অবৈধভাবে দলের প্রায় দেড়শ ত্যাগী নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন। আবার তাঁরা গোপনে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছেন। এতে দলের নেতা–কর্মীরা ক্ষিপ্ত হয়ে সম্মেলনে বাধা দিয়েছেন। তবে সেখানে মারধর ও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সম্মেলনের চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে সংঘাত ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।