ধুনটে আ.লীগের ১০ নেতা-কর্মীর নামে ছিনতাই মামলা, গ্রেপ্তার ১
বগুড়ার ধুনটে এক সার ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ মামলার আসামি আজগর আলীকে গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজগর আলী এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি খোকশাহাটা গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী মোজাফফর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং উপজেলার শৈলমারি গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি এলাঙ্গী ইউনিয়নের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সারের পরিবেশকও (ডিলার)। মামলার প্রধান আসামি করা হয়েছে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলালকে।
ঘটনার রাতেই মোজাফফর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে ১৫ মার্চ রাতে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ বেলা ১১টা দিকে মোজাফফর রহমান এলাঙ্গী বাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে সার বেচাকেনার টাকা হিসাব–নিকাশ করছিলেন। এ সময় এম এ তারেক হেলাল ও তাঁর লোকজন ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মোজাফফর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এবং তাঁর কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন আহত মোজাফফর রহমানকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই মোজাফফর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে ১৫ মার্চ রাতে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি আজগর আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মামলার প্রধান আসামি এম এ তারেক হেলাল দাবি করেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় তিনিসহ তাঁর লোকজনের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, মোজাফফর রহমানের করা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।