ধুনটে কালী প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এক কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে
প্রথম আলো

বগুড়ার ধুনটে দুর্বৃত্তরা কালী প্রতিমা ভাঙচুর করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে ধুনট থানা-পুলিশকে এ খবর জানান স্থানীয় লোকজন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের পাশে চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে প্রায় শত বছরের পুরোনো একটি কালীমন্দির রয়েছে। গতকাল রাতেও ভক্তরা সেখানে পূজার্চনা করেন। পরে আজ সকাল আটটার দিকে তাঁরা গিয়ে দেখেন কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তখন স্থানীয় এক যুবক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ভাঙা প্রতিমাটি বিসর্জন দিয়েছেন।