ধুনটে জমি দখলের ঘটনায় ইউপি সদস্যকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের ফসলের ক্ষতি ও জমি দখলের অপরাধে বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও সরকারদলীয় নেতা খোকন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশা বলেন, ফসল নষ্ট করে কৃষকের জমি দখলে নেওয়ার ঘটনায় খোকনের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বুধবার (গতকাল) সকালে থানায় জরুরি বৈঠক হয়। বৈঠকে দখলকারীদের পক্ষে সঠিক কোনো কাগজপত্র ছিল না।
বৈঠকের সিদ্ধান্তে প্রশাসনের মাধ্যমে জমি দখলমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ফসলের ক্ষতি করার অপরাধে দখলকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন আলম প্রথম আলোকে বলেন, ‘জমি দখলকারীরা সরকারি দলের কোনো পদে নেই। দলের নাম ভাঙিয়ে জমি দখলের বিষয়টি আমাদের জানা ছিল না। ঘটনা জানার পর জরুরি বৈঠকে বসে জমি দখলমুক্ত করা হয়েছে। পরে এ ধরনের কোনো ঘটনা ঘটানো হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্র জানায়, খোকন সরকার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। রোববার সকালে খোকনের নেতৃত্বে তাঁর লোকজন ধুনট সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের বানেশ্বর হালদারের ৬৬ শতক জমির ফসল নষ্ট করে এবং সেখানে কয়েকটি ছাপরা ঘর তোলা হয়।
খোকন সরকার বলেন, এই জমির বিষয়ে কাগজপত্র সংগ্রহ করে আদালতের আশ্রয় নেওয়া হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে জমি দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়াও পাঁচ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ধুনটে সরকারদলীয় নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।