ধুনটে দুস্থ পরিবারের কপালে জোটেনি কোরবানির মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহায় যেসব দুস্থ পরিবার পশু কোরবানি করতে পারেনি, তারা ধনী ও মধ্যবিত্ত পরিবারসহ নানা উৎস থেকে কোরবানির পশুর মাংস পেয়েছে। সারা দেশে দুস্থরা এভাবে কম–বেশি কোরবানির পশুর মাংস পেয়েছে। কিন্তু ঈদের এই আনন্দের দিনে বগুড়ার ধুনটে নয়টি দুস্থ পরিবার কোরবানির পশুর কোনো মাংসই পায়নি।

ওই পরিবারগুলোর সদস্যদের অভিযোগ, মসজিদ উন্নয়নের চাঁদার টাকা না দেওয়ার অভিযোগে গ্রাম্য মাতবররা তাঁদের একঘরে করে রেখেছেন। এ কারণে তাঁরা কোরবানির পশুর এক টুকরা মাংসও পাননি।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে মরিচতলা গ্রামের ১৬৫টি পরিবার নিয়ে গঠন করা হয় একটি সমাজ। প্রতিবছর ওই সমাজের মাতবররা কোরবানির পশুর মাংস সমাজভুক্ত পরিবারগুলোর মধ্যে বণ্টন করে দিতেন। তিন বছর আগে গ্রামের একটি জামে মসজিদের উন্নয়নের জন্য ওই সমাজভুক্ত সব পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী চাঁদা ধরা হয়। এগুলোর মধ্যে ৩২টি দুস্থ পরিবার চাঁদার টাকা দিতে ব্যর্থ হয়। চাঁদা না পাওয়ায় ওই সমাজের মাতবররা ক্ষুব্ধ হয়ে তাদের একঘরে করে দেন। এ কারণে দুই বছর ধরে ৩২টি পরিবার কোরবানির পশুর মাংস পায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার একঘরে করে রাখা ৩২টি পরিবারের মধ্যে ২৩টি পরিবার গ্রামের কয়েকজন মাতবরের মাধ্যমে সমাজভুক্ত হয়ে কোরবানির মাংস পেয়েছে। কিন্তু জাহাঙ্গীর আলম, ফটিক সরকার, বাবু মিয়া, সৌবার আলী, বেহুলা বেওয়া, আবুল কালাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হেলাল উদ্দিনের পরিবারের ৩০ জন সদস্য এবার কোরবানির পশুর এক টুকরা মাংসও পাননি।
শুক্রবার দুপুরে মরিচতলা গ্রামে গেলে একঘরে রাখা পরিবারের সদস্য বেহুলা বেওয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। সমাজের মাতবররা মসজিদের চাঁদা চায়। আমরা তা দিতে পারি নাই। এতে মাতবররা ক্ষুব্ধ হয়ে আমাইগরে সমাজ থেকে বাদ দিয়েছে। তাই আমরা ৯ পরিবার সমাজ থাইকা কোনো কোরবানির মাংস পাই নাই।’

এ বিষয়ে মরিচতলা গ্রামের প্রধান মাতবর মাসুদ সরকার বলেন, ‘প্রায় ১০ বছর আগে মসজিদ উন্নয়ন কাজের জন্য টাকা চাওয়া হয়। সেই টাকা না দিয়ে ৩২টি পরিবার আমাদের সমাজ থেকে নিজেরাই চলে গেছে। এর মধ্যে অনেক পরিবার সমাজভুক্ত হয়েছে। সেই থেকে তাদের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নাই। তাই ওই ৯ পরিবারের কোরবানির মাংস না পাওয়ার জন্য আমরা দায়ী না। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

এ বিষয়ে স্থানীয় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ‘মরিচতলা গ্রামের ৯ পরিবারকে একঘরে করার বিষয়ে আমার জানা ছিল না। গতকাল খবর পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই গ্রামের প্রধান মাতবরদের সঙ্গে আলোচনা করে ওই ৯টি পরিবারকে সমাজভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাদের কোরবানির পশুর মাংস পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।’