ধুনটে ধর্ষণ মামলার বাদীপক্ষকে মারধরের মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটে ধর্ষণ মামলার বাদীপক্ষকে মারধরের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার বাদীপক্ষকে মারধরের মামলায় আবদুল আজিজ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল রোববার প্রথম আলোর শেষ পাতায় ‘ধর্ষণের মামলা টাকায় আপস, বাদীপক্ষকে মারধর, আহত ৪’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার দুপুরে মারধরের শিকার স্কুলছাত্রীর নানি বাদী হয়ে আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগটি রোববার রাতে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

আবদুল আজিজ ও তাঁর লোকজন সোমবার দুপুরে স্কুলছাত্রী, তাঁর মা, খালা ও নানিকে মারধর করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি ধুনটের একটি গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে আকাশ, শামীম ও মোতালীব নামের তিন বন্ধু অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। এ মামলার প্রধান আসামি আকাশকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। পরে আব্বাস আলী নামের স্থানীয় এক মাতবর বাদী ও বিবাদীপক্ষের মধ্যে দুই লাখ টাকায় আপস করতে বাধ্য করেন। এরপর থেকেই আবদুল আজিজ ও তাঁর লোকজন বাদীর পরিবারের সদস্যদের নানা ধরনের আপত্তিকর কথাবার্তা বলে আসছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় আবদুল আজিজ ও তাঁর লোকজন সোমবার দুপুরে স্কুলছাত্রী, তাঁর মা, খালা ও নানিকে মারধর করেন।

আরও পড়ুন

থানাহাজতে আটক আবদুল আজিজ দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মামলার বাদীপক্ষের লোকজনই ঘরবাড়ি ভাঙচুরসহ তাঁর স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। পুলিশ মিথ্যা মামলায় তাঁকে আটক করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধর্ষণ মামলার বাদীর পরিবারকে মারধরের মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।