ধুনটে ধসে গেছে যমুনার বাঁধ রক্ষা স্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির প্রবল স্রোতে স্পারের দুই পাশের ঢালের জিও চট ও বোল্ডার ধসে নদীর মধ্যে চলে গেছে। ছবিটি আজ বেলা ১২টায় তোলা
ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের ৩০ মিটার অংশ ধসে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের কাছে পানির অতিরিক্ত স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে এই ভাঙন দেখা দিয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে একাধিকবার যমুনা নদীর ভয়াবহ ভাঙনে তীরবর্তী গ্রামের বসতভিটা, আবাদি জমি, রাস্তাঘাটসহ অনেক অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনরোধে ২০০৩ সালে পাউবো প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বানিয়াজান অংশে নদীতে আড়াআড়িভাবে একটি স্পার নির্মাণ করে। এরপর থেকে নদীর পানি অনেক দূর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিমুক্ত ছিল। কিন্তু আজ সকালে ওই স্পারের মাথা ও মাঝখানের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, পানির প্রবল স্রোতে স্পারের দুই পাশের ঢালের জিও চট ও বোল্ডার ধসে নদীর মধ্যে চলে গেছে। ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, স্পার ভেঙে যাওয়ায় বাঁধ এখন ঝুঁকিতে রয়েছে। আরেকবার বাঁধ ভেঙে গেলে পাড়ে বসবাসকারী হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে যাবে। তখন তাদের খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ছাড়া আর উপায় থাকবে না।

খবর পেয়ে ইতিমধ্যে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন। পরে পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, যমুনা নদীর স্রোতের গতি বৃদ্ধি পেয়েছে। এ কারণে স্পারে ভাঙন দেখা দিয়েছে। এখন জরুরি ভিত্তিতে ভাঙনস্থান মেরামত না করা হলে সম্পূর্ণ স্পারই নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরিভাবে ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, প্রায় ৩০ মিটার ভেঙে স্পার নদীতে বিলীন হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্থ স্থান মেরামতের কাজ শুরুর প্রক্রিয়া চলছে।