ধুনটে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বগুড়ার ধুনট উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল আটটায় এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরপাড়া গ্রামের হবিবর রহমান ও আফছার আলীর মধ্যে ৯০ শতক জমির দখল নিয়ে তিন বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও পাল্টাপাল্টি হামলা হয়েছে। মামলাও চলছে।
সম্প্রতি তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিবর রহমান নৌকার প্রার্থী তোজাম্মেল হককে সমর্থন দেন। অন্যদিকে, আফছার আলী সমর্থন দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ তারেক হেলালকে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এ নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
এ অবস্থায় বুধবার সকাল আটটার দিকে আফছার আলী তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে হবিবর রহমান তাঁর লোকজন নিয়ে এতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আফসার আলীর ভাতিজা জামাল উদ্দীন (৩৮) ও তাঁর স্ত্রী ডেফুলী খাতুন (৩৫) এবং হবিবর রহমানের ছেলে শাহীন আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হবিবর রহমান বলেন, পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি দীর্ঘদিন ধরে তাঁদের দখলে ছিল। আফছার আলী ওই জমি জোর করে দখল নেয়।
আফছার বলেন, হবিবর রহমান তাঁর পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জোর করে দখলে রেখেছিল। সম্প্রতি তিনি সে জমি উদ্ধার করে সেখানে ধান রোপণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুই পক্ষের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।