ধুনটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক
বগুড়ার ধুনট উপজেলায় চকলেট খাওয়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম কোব্বাদ আলী (৫০)। তিনি উপজেলার চিথুলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
আজ বুধবার সকাল ১০টার দিকে চিথুলিয়া পূর্বপাড়া গ্রামে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী কোব্বাদকে তাঁর ঘর থেকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি-ভান্ডারবাড়ি সড়কের পাশে নিজ বাড়িতে মুদিদোকান রয়েছে কোব্বাদ আলীর। আজ সকাল ১০টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে ওই দোকানে চাল কেনার জন্য যায়। তার মা চাল কিনে বাড়িতে চলে এলেও শিশুটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে অন্য লোকজন না থাকার সুযোগে তাকে চকলেট খাওয়ানোর কথা বলে দোকানের পাশের ঘরে নিয়ে যান কোব্বাদ আলী। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন কোব্বাদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ওই মুদি ব্যবসায়ীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।