ধুনটে মাদ্রাসাছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণের ১৫ দিনের কারাদণ্ড
বগুড়ার ধুনটে এক মাদ্রাসাছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম জুয়েল রানা (২৪)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জুয়েল রানা উপজেলার স্থানীয় এক মাদ্রসাছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। এতে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জুয়েল রানার বাবার কাছে অভিযোগ জানানো হয়। এতে জুয়েল রানা ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে জুয়েল রানা ওই ছাত্রীর ছবি আপত্তিকরভাবে সম্পাদনা করে ফেক আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দেন।
বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতে জুয়েল আপত্তিকর ছবি ছড়ানোর বিষয়টি স্বীকার করেন। এ সময় আদালত জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর জন্য থানা–পুলিশের কাছে সোপর্দ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, দণ্ডবিধির ১৮৬০–এর ৫০৯ ধারায় জুয়েল রানাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামিকে আগামীকাল রোববার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।