ধুনটে যুবলীগ নেতা মারধরে আহত, আ.লীগ নেতাসহ ১১ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতিকে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেফ বাদশা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শেখ মতিউর রহমান গত ২৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে ধুনট পোস্ট অফিসের উত্তর পাশে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় আলেফ বাদশা, মাইদুল ইসলাম ও তাঁদের সহযোগীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। মতিউরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামিরা তাঁকে ফেলে রেখে চলে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা বলেন, যুবলীগ নেতাকে মারপিটের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, মতিউর রহমানকে মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।