ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আসমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার জোলাগাতি গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শনিবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ বছর আগে মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আজিবর রহমানের মেয়ে আসমা খাতুনের সঙ্গে পাশের জোলাগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে আল মাহমুদের বিয়ে হয়। এ দম্পতির তিন ও ছয় বছর বয়সী দুটি মেয়ে আছে। আল মাহমুদ অসামাজিক ও অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধে৵ কলহের সৃষ্টি হয়। জোলাগাতি গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি দুদিনব্যাপী যাত্রাগানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নারীঘটিত বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার গভীর রাতে আল মাহমুদ তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন এবং একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন। আসমা স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা দেড়টার লাশ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ আসার আগেই আল মাহমুদসহ বাড়ির লোকজন পালিয়ে যান।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বলেন, আসমা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধের হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।