ধুনটে সেতুর মুখে ভবন নির্মাণ, জলাবদ্ধতা, ফসলের ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় সেতুর মুখে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ করায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে পৌরসভা এলাকায় বাসাবাড়ির সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া পানিতে তলিয়ে দুটি মাঠের প্রায় ২০০ বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা এলাকায় বৃষ্টি ও বর্ষার পানিনিষ্কাশনে পশ্চিম দিক থেকে শহরের প্রবেশপথে ধুনট-শেরপুর সড়কে অনেক আগে থেকে একটি ঢালাই সেতু নির্মাণ করা ছিল। সেই সেতুর নিচ দিয়ে ইছামতী ও হলহলিয়া নদীতে পানি প্রবাহিত হয়েছে। ফলে বর্ষার সময় বা অতিবৃষ্টিতে পৌরসভা এলাকায় এর আগে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। কিন্তু এ বছর সেই সেতুর উত্তর পাশের মুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য পাঁচতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করে নির্মাণকাজ চলছে। ফলে এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই ওই সেতুর নিচ দিয়ে পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে পড়ায় পৌরসভা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পৌর এলাকার ঘরবাড়ির আশপাশে পানি জমছে। এ ছাড়া পশ্চিম ভরনশাহী গ্রামের দুটি মাঠের প্রায় ২০০ একর সদ্য রোপণ করা ধানখেত পানিতে তলিয়ে যাচ্ছে।
পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে এই সেতুর নিচ দিয়ে বর্ষার সময় বৃষ্টির পানি বের হয়ে ইছামতী ও হলহলিয়া নদীতে পড়েছে। ফলে বর্ষা ও বৃষ্টির সময় কোনো ধরনের জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়নি। প্রায় ছয় মাস আগে থেকে সেতুর মুখে ভবন নির্মাণ করায় পানির চলাচল দুই দিকে বন্ধ হয়েছে। এ কারণে বৃষ্টির পানিতে ভরে গেছে পায়ে চলা সড়ক ও বাসাবাড়ির আশপাশের এলাকা। অনেককে ঘর থেকে পানির মধ্য দিয়ে হেঁটে সড়কে আসতে হচ্ছে।
পশ্চিম ভরনশাহী গ্রামের সেজাব উদ্দীন বলেন, সেতুর মুখে ভবন নির্মাণ করায় বৃষ্টির পানিতে দুটি মাঠের প্রায় ২০০ বিঘা জমিতে আমান চাষ বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি বের করতে পৌরসভার মেয়রের কাছে আবেদন করা হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে পানিনিষ্কাশনে নর্দমার জন্য জায়গা রাখা হয়েছে। পৌরসভার অর্থায়নে এই নর্দমা নির্মাণ করে দেওয়ার বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে পানিনিষ্কাশনে ব্যবস্থা নিতে নর্দমা নির্মাণের পরিকল্পনা তৈরির কাজ শুরু করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে নর্দমা নির্মাণ করে দুটি গ্রামের নিচু এলাকার বৃষ্টির পানি ইছামতী ও হলহলিয়া নদীতে যাওয়ার ব্যবস্থা করা হবে।