ধুনটে স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউপির স্বতন্ত্র প্রার্থী আতিকুল করিমের বাড়ির পাশে টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে ভান্ডারবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আতিকুল করিম এবং সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আজ দুপুরে ভান্ডারবাড়ি গ্রামে এই দুই প্রার্থীর সমর্থকেরা নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর আনোয়ার পারভেজের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান এবং দুজনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় নির্বাচনী পোস্টারও ছিঁড়ে ফেলেন।

স্বতন্ত্র প্রার্থী আতিকুল করিম বলেন, তাঁর বাড়ির সামনে নির্বাচনী বৈঠকখানা। দুপুরে নৌকা প্রার্থীর সমর্থকেরা অতর্কিতভাবে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। অপর স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন বলেন, নৌকার প্রার্থীর সমর্থকেরা তাঁর অফিসে গিয়ে হুমকি দিয়ে সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছেন।

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আনোয়ার পারভেজ বলেন, ‘ঘটনার সময় আমি অন্য এলাকায় নির্বাচনী প্রচারে ছিলাম। এটা এক বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি জানার পর আমি আমার কর্মী-সমর্থকদের এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছি।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বলা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউপিতে ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ দিন উপজেলার ১০টি ইউনিয়নে ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।