ধুনটের সেই ৯ দুস্থ পরিবার পেল কোরবানির পশুর মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মরিচতলা গ্রামের ৯টি পরিবারের মধ্যে গতকাল শনিবার কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।
ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনটে একঘরে করে রাখা ৯টি পরিবার অবশেষে কোরবানির পশুর গোশত পেয়েছে। শনিবার বিকেলে ধুনট থানার ওসি ও ধুনট পৌরসভার মেয়র তাদের বাড়িতে গিয়ে গোশত দিয়ে আসেন। একই সঙ্গে ওসি ওই পরিবারগুলোর যাতে আর একঘরে থাকতে না হয়, সে ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহায় যেসব দুস্থ পরিবার পশু কোরবানি করতে পারেনি, তারা ধনী ও মধ্যবিত্ত পরিবারসহ নানা উৎস থেকে কোরবানির পশুর মাংস পেয়েছে। সারা দেশের দুস্থরা এভাবেই কমবেশি কোরবানির পশুর মাংস পেয়েছে। কিন্তু ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের ৯টি দুস্থ পরিবারের ভাগ্যে জোটেনি কোরবানির পশুর এক টুকরা মাংস। এ নিয়ে গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ধুনটে দুস্থ পরিবারের কপালে জোটেনি কোরবানির মাংস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, মরিচতলা গ্রামে অনেক চাকরিজীবী, ধনী ও মধ্যবিত্ত পরিবার রয়েছে। এ গ্রামে কিছু দুস্থ পরিবারও বাস করে। ধনীদের কথায় মসজিদ উন্নয়নের চাঁদার টাকা দিতে না পারায় তিন বছর আগে ৩২টি দুস্থ পরিবারকে একঘরে করা হয়। এর মধ্যে ২৩টি পরিবার কৌশল করে বিভিন্নভাবে সমাজভুক্ত হয়ে কোরবানির পশুর মাংস পেয়েছে। কিন্তু ওই গ্রামের ৯টি পরিবারের ৩০ জন সদস্য এবার কোরবানির পশুর এক টুকরা মাংসও পাননি।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর শনিবার বিকেলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ১৫ কেজি গরুর মাংস কিনে ওই ৯টি পরিবারের মাঝে বিতরণ করেন। এ ছাড়া তিনি ওই ৯টি পরিবারের সদস্যদের চলাচলে কোনো বাধার সৃষ্টি করা হলে মরিচতলা গ্রামের মাতবরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দেন। এরপর সন্ধ্যা সাতটার দিকে ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশা ওই ৯ পরিবারের মধ্যে ১০ কেজি গরুর মাংসসহ চিনি, সেমাই ও চাল বিতরণ করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ওই ৯টি পরিবারকে একঘরে রাখার সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও সমস্যার সমাধান না হলে গ্রাম্য মাতবরদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ বলেন, ‘মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। তাই প্রকাশিত সংবাদ দেখে মনের আবেগ থেকে ওই ৯টি পরিবারের জন্য সাধ্যমতো কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।’  

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, গ্রামের প্রধান মাতবরদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমাজে ফেরতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।