সবুজ ঘাসে মোড়ানো চত্বর। পাশে ঠায় দাঁড়িয়ে দ্বিতল ভবন। সিঁড়ি বেয়ে উঠতেই নজরে পড়ে তাকে সাজানো দেশ-বিদেশের নানা বই। অধিকাংশেরই মলাট বিবর্ণ, খসে গেছে বাঁধাই। বইয়ের তাক আর আলমারিতে ধুলার আস্তরণ। কোথাও কোথাও জাল ছড়িয়েছে মাকড়সা।
এ অবস্থা ঠাকুরগাঁও জেলা শহরের সাধারণ পাঠাগারে। একসময় পাঠকদের পদচারণে মুখর পাঠাগারটি এখন অস্তিত্ব-সংকটে। গত ১৪ বছরে কেনা হয়নি নতুন বই। ফলে পাঠাগারে পাঠকের ভাটা পড়েছে।
১৯২০ সালে ঠাকুরগাঁও শহরে একটি গণগ্রন্থাগার গড়ে ওঠে। নাম দেওয়া হয় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার। মুক্তিযুদ্ধের পর একটি একতলা ভবনে পাঠাগারটির কার্যক্রম চলতে থাকে। ২০০৬ সালে পুরোনো ভবনের পাশে জেলা পরিষদের বাস্তবায়নে একটি দোতলা ভবন নির্মাণের পর সেখানে পাঠাগারটি সরিয়ে নেওয়া হয়। তখন থেকে সেখানে পরিচালিত হচ্ছে পাঠাগারের কার্যক্রম। আর আগের ভবনটি সাত হাজার টাকায় এক ব্যবসায়ীকে ভাড়া দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী সেখানে লেপ-তোশকের গুদাম করেছেন।
পাঠাগার পরিচালনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঠাগারের ১৩২ সদস্যের ভোটে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ওই কমিটিই দুই বছরের জন্য পাঠাগারের কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসক পদাধিকার বলে এর সভাপতি। কিন্তু সাত বছর ধরে সাধারণ সভা ও নির্বাচনও হয়নি। সর্বশেষ কবে নতুন সদস্য নেওয়া হয়েছিল, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি গ্রন্থাগারিক।
পাঠাগারে ১৯টি আলমারি ও ৩টি তাক আছে। সেগুলো ১২ হাজার গল্প, উপন্যাস, কবিতা, শিশুতোষ, মুক্তিযুদ্ধবিষয়ক, ইতিহাসসহ নানা বিষয়ের বই দিয়ে সাজানো। গতকাল শুক্রবার সেখানে দেখা যায়, আলমারির ভেতর ধুলার আস্তরণ। যেন দীর্ঘদিন সেখানে কারও হাতের স্পর্শ পড়েনি। কোথাও কোথাও মাকড়সা জাল ছড়িয়েছে। গ্রন্থাগারিক দেলোয়ার হোসেন বললেন, পাঠাগারে আগে প্রতিদিন ১৪০ থেকে ১৫০ জন পাঠক নিয়মিত আসতেন। তাঁদের বসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হতো। এখন ১০ জনও আসেন না। বইয়ের চাহিদা না থাকায় ২০০৮ সালের পর আর নতুন বই কেনা হয়নি।
পাঠাগারটির সভাপতি ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, পাঠাগারটির নানা সমস্যার কথা জানতে পেরেছেন। সমস্যাগুলো কাটিয়ে উঠতে পরিচালনা পরিষদের সভাও করা হয়েছে। তাঁর আশা, পাঠাগারটি আবার পাঠকদের পদচারণে মুখর হয়ে উঠবে।