বিকেলের মাঠে অনেক ধরনের রং ছড়িয়ে উড়েছে নানা নামের ঘুড়ি। হাওয়া অতটা অনুকূলে না থাকলেও আকাশে ঘুড়ির বাহার ছড়িয়ে দিতে চেষ্টার কমতি ছিল না কারোরই। উড়েছে সমুদ্রের শাপলাপাতা ও ডলফিন, কার্টুনের নানা চরিত্র। শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ ঘুড়ি নিয়ে ধুলোময় মাঠে ছোটাছুটি করেছেন।
আজ সোমবার বিকেলে এমন কিছু মুহূর্ত কেটেছে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। এই ফাঁকে অনেকেই হারিয়ে ফেলা শৈশব-কৈশোরকে ছুঁয়ে দেখেছেন। মনের ভেতর হেসেখেলে উঠেছে সেই মধুমাখা নির্মল সময়টুকু।
মৌলভীবাজার জেলা প্রশাসন শৈশব, কৈশোর ও তারুণ্যকে জাগিয়ে তুলতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজন করেছিল জয় বাংলা ঘুড়ি উৎসবের। এতে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন।
উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মাঠে সোমবারের বিকেল ছিল অনেকটাই রঙিন। এখানে ঘুড়ি উৎসবে এসেছিল সমুদ্রের প্রাণী, বনের বাঘ, প্রজাপতি কত কিছুই। দেড় শতাধিক ঘুড়ির এই রঙিন সমাবেশে ছিল বাঘ, ইগল, ডলফিন, ব্যাঙ, চিল, কচ্ছপ, শাপলাপাতা, প্রজাপতি, বাদুড়, ব্যাটম্যান, মোটু-পাতলু, ফুটবল, মিকিমাউস, বিমান, মিনা কার্টুনসহ অনেক কিছু। হাওয়া তেমন একটা সুবিধার ছিল না। তবু নাটাই হাতে নিজের ঘুড়ি সব কটিকে ছাড়িয়ে ওপরে উড়বে, এই তাড়ায় ছোটাছুটি করেছেন অনেকে।
শিশু ছিল, ছিলেন তরুণ, এমনকি বয়োজ্যেষ্ঠরাও। সবাই যেন এক টুকরা রঙিন শৈশব-কৈশোরকে ফিরে পেয়েছিলেন। অর্ধশত ছোট–বড় নানা নাম ও রঙের ঘুড়ি উড়েছে হাওয়া কেটে। ছিল সুতার প্যাঁচে একে–ওকে ধরারও নীরব মজা। বিকেলের আলো ম্লান হওয়ার আগপর্যন্ত এমনটাই আনন্দ কুড়িয়েছেন উপস্থিত সবাই।
উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
ঘুড়ি ফেডারেশনের কর্মকর্তা মো. বাবর প্রথম আলোকে বলেন, ‘আমরা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ঘুড়ি উৎসব করেছি। তবে সিলেট অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে এই প্রথম ঘুড়ি উৎসবে এসেছি। দেড় শতাধিক ঘুড়ি নিয়ে এসেছিলাম। আবহাওয়া অনুকূলে ছিল না। বাতাস কম থাকায় সব কটি ঘুড়ি ওড়ানো যায়নি।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভিন্ন ধরনের কিছু করার তাগিদ থেকে এ ঘুড়ি উৎসবের আয়োজন। যুবসমাজকে নতুন কিছুর সঙ্গে যুক্ত করার চেষ্টা। কিছু সময়ের জন্য হলেও সবাই আনন্দ করেছেন। ভবিষ্যতে এ ধরনের উৎসব আরও করা হবে।