ধোবাউড়ায় প্রথম পাঁচজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রথমবারের মতো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তাঁরা করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গৌরব মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ময়মনসিংহ জেলায় নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ধোবাউড়ায় পাঁচজন, ফুলবাড়িয়ায় দুজন, ভালুকায় তিনজন, মুক্তাগাছায় দুজন, ঈশ্বরগঞ্জ উপজেলার একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন উপজেলার গলইভাঙা গ্রামের বাসিন্দা। বাকিদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও একজন নার্স এবং বাকি দুজন নার্সের স্বজন। ৭ মে আক্রান্ত ব্যক্তিরা নমুনা পরীক্ষা করতে দেন। গতকাল রাতে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার আগে চিকিৎসক ও নার্স হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।

ধোবাউড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা গৌরব মিত্র বলেন, চিকিৎসক ও নার্স পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। আক্রান্ত চিকিৎসক নমুনা দেওয়ার পর এক দিন ও নার্স তিন দিন দায়িত্ব পালন করেছেন। তবে তাঁরা স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা পোশাক পরে দায়িত্ব পালন করেছেন। তবু আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সবার নমুনা পরীক্ষা করা হবে।

ফুলবাড়িয়া উপজেলায় শনাক্ত হওয়া দুইজন ৫ মে নমুনা দেওয়ার পর নিয়ম মেনে বাড়িতে অবস্থান করেননি। নমুনা দেওয়ার আট দিন পর তাঁদের ফলাফল পাওয়া যায়। নমুনা দেওয়ার পরও ঘুরাঘুরি করায় অনেকেই তাঁদের সমালোচনা করেছেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা জটের কারণে ফল পেতে দেরি হয়েছে। করোনা আক্রান্ত ওই দুজনকে নমুনা দেওয়ার পর বাড়িতে থাকতে বলা হয়েছিল, তারপরও ওই সময় তাঁরা যাঁদের সঙ্গে মিশেছেন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত দুজন নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।

এ বিষয়ে ফুলবাড়িয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা প্রথম আলোকে বলেন, ‘আক্রান্ত হওয়া দুজন ব্যক্তিগতভাবে নমুনা দিয়েছিলেন। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি তাঁরা এ সময় বাড়িতেই অবস্থান করেছিলেন। তাঁদের সংর্স্পশে কেউ এসেছিলেন কি না, সে ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।’