ধ্বংসস্তূপে স্বপ্নের চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কিনামনি ঘোনা এলাকায় নতুন ঘর তোলা হচ্ছে। ৬ আগস্ট তোলা ছবি l প্রথম আলো
রাঙামাটির কিনামনি ঘোনা এলাকায় নতুন ঘর তোলা হচ্ছে। ৬ আগস্ট তোলা ছবি l প্রথম আলো

চারপাশের ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে ঘর বাঁধছেন সাধন চাকমা। বাঁশের খুঁটির ওপর টিনের চালা বসেছে। এই ঘর থেকে একটু দূরে পাহাড়ধস ট্র্যাজেডির সাক্ষী হয়ে এখনো টিকে আছে তাঁর পুরোনো ঘরের ভাঙা চালা। যদি আবার পাহাড়ধস হয়? তখন কী করবেন? সাধন বললেন, ‘নু গরি ঘর বানাওর’ (নতুন করে ঘর বাঁধছি)। তাঁর বিশ্বাস, এটি মাটি চাপা পড়বে না। যুক্তি দিলেন, এই ঘর পাহাড় ঘেঁষে বানাননি।

রাঙামাটি শহরের প্রান্তে পাহাড়ঘেরা কিনামনি ঘোনায় নতুন ঘর তুলছেন সাধন। গত ১৩ জুন পাহাড়ধসে এখানে মারা যান ছয়জন। শহরের ভেদভেদির যুব উন্নয়ন কেন্দ্র এলাকায় গাড়ি থেকে নেমে পাহাড়ের ঢাল বেয়ে ঝিরি পথ ধরে হাঁটতে হয়। ১০ মিনিট হাঁটার পরই কিনামনি ঘোনা। কিনামনি ঘোনা এলাকাটি যার নামে নামকরণ করা হয়েছে, সেই কিনামনি চাকমাও সেদিন পাহাড়ধসে প্রাণ হারান। তাঁর ছেলে দিনমজুর শান্তি কুমার চাকমাও পুরোনো ভাঙা ঘরটির অদূরে ঝুপড়ি ঘর তৈরি করে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। এই পাড়ায় ২৩ পরিবারের বসবাস। সবাই আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮ পরিবারের ৩০ জন ফিরে এসেছেন।

আশ্রয়কেন্দ্র থেকে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের কেউ ভাঙা ঘর মেরামত করে, কেউবা নতুন ঘর তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নিজের ঠিকানায় ফিরে যাওয়ার মতো যাঁদের শক্তি-সামর্থ্য নেই, একেবারে যাঁরা নিঃস্ব, তাঁরাই রয়ে গেছেন। তাঁদের অনেকের নতুন ঘর বাঁধার সামর্থ্য নেই। অনেকের জায়গাও নেই। আর কারও কারও ঘর পাহাড়ের গা ঘেঁষে হওয়ায় নতুন করে ঘর বাঁধার সাহস করছেন না তাঁরা।

রাঙামাটি শহরের জিমনেসিয়াম আশ্রয়কেন্দ্রে ৭ আগস্ট বেলা একটায় গিয়ে দেখা যায়, আশ্রিত মানুষেরা লাইনে দাঁড়িয়ে। সেনাবাহিনীর সদস্যরা তখন দুপুরের খাবার বিতরণ করছেন। সেখানে কথা হয় ভেদভেদি ছড়ার অমূল্য চাকমার সঙ্গে। ভেদভেদির মনুআদামে পাহাড় কেটে বাড়ি বানিয়েছিলেন তিনি। পাহাড় যেন তারই প্রতিশোধ নিয়েছে। পেশায় দিনমজুর অমূল্য স্থায়ী বাসস্থান চান। এই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া জয়া চাকমা তাঁতে কাপড় বুনতেন। একটা কাপড় বুনে ৬০০ টাকার মতো আয় হতো। তাঁরও বাড়ি ভেদভেদি ছড়ায়। বাড়িটি মাটির নিচে তলিয়ে গেছে। একটা ঘর পেলে তিনি আবার তাঁত বোনা শুরু করবেন। একই কথার প্রতিধ্বনি করলেন তাঁর সঙ্গে থাকা ঝুড়ি চাকমা। তিনি বললেন ‘হিজু একখান গরিবারতে চাঙ’ (কিছু একটা করতে চাই)।

শহরের ভাবনা আশ্রয়কেন্দ্রে থাকা অমূল্য রতন চাকমার চোখেমুখে চিন্তার রেখা। তাঁর ঘর ভেঙেছে, জমি নষ্ট হয়েছে। এখন নিয়মিত দুই বেলা খাবার পাচ্ছেন ঠিক আছে, কিন্তু মনে একটাই প্রশ্ন—কদিন চলবে এভাবে? যদি আশ্রয়কেন্দ্র বন্ধ হয়ে যায়, কোথায় যাবেন? যাঁদের ন্যূনতম সামর্থ্য আছে তাঁরা ফিরে গেছেন। সে রকমই একজন শিমুলতলী পাড়ার রমিজ উদ্দিন, পেশায় অটোরিকশাচালক। শিমুলতলিতে ঘর বানিয়েছিলেন সাত বছর আগে। ১৩ জুন তাঁর বাড়ি মাটিচাপা পড়ে। এখন টিন দিয়ে ঝুপড়ির মতো ঘর বানিয়েছেনে। একটিই কক্ষ। সেখানে স্ত্রী নাজমা বেগম, দুই ছেলে আর মাকে নিয়ে থাকেন। একই পাড়ার বাসিন্দা আনোয়ারা বেগমকে দেখা গেল, ঘরের ভেতরের মাটি সরানোর কাজে ব্যস্ত। তাঁর ঘরের অবশিষ্ট আছে শুধু টিনের চালাটিই। চেষ্টা করছেন সেটিকে কোনো রকম বাসযোগ্য করে তুলতে।

শুধু থাকার জায়গা ঠিক করা নয়, স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান গৃহহীন মানুষেরা। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি মুখ এলাকায় ৪০ শতক জমি ছিল বৃন্দাবন চাকমার। পাহাড়ধসে তার জমির ওপর বালুর স্তূপ জমে সাত থেকে আট ফুট। ৭ আগস্ট দুপুরে সেই জমিতেই তাঁর দেখা মিলল। তিনি তখন গায়ের ঘাম ঝরিয়ে জমি থেকে মাটি সরাচ্ছিলেন। আর তাঁর স্ত্রী ছায়া দেওয়ান দা দিয়ে গর্ত করে তাতে আমন ধানের চারা রোপণ করছেন।

ধ্বংসস্তূপের ভেতর স্বপ্নের মতো চারা রোপণের এ রকম দৃশ্য মধ্যপাড়ায় ভাগ্যমনি চাকমার চল্লিশ শতক জমিতেও দেখা গেল। ভাগ্যমনি তাঁর কাজে ব্যস্ত। কথা বলার সময় তাঁর নেই। তাঁরও কি মনের কথা—হিজু একখান গরিবারতে চাঙ?