নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের বিশেষ লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার বিস্তার ঠেকাতে অনেক জায়গায় লকডাউন করা হয়েছে।
ফাইল ছবি

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১৫ দফা নির্দেশনা দিয়ে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক হারুন অর রশীদ আজ বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে বিফ্রিং করে এ তথ্য জানান। আজ রাত ১২টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি নওগাঁ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ করা যাচ্ছে। ঈদুল ফিতরের পর থেকে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের ওপরে। এ জেলার মধ্যে নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুরে দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ। পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ দিবাগত রাত ১২টা থেকে লকডাউন দেওয়া হয়েছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলাজুড়ে লকডাউন কার্যকর করা হবে।

লকডাউনের সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট থেকে কোনো যানবাহন নওগাঁয় প্রবেশ করতে পারবে না, নওগাঁ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন এ বি এম আবু হানিফ প্রমুখ।