নওগাঁ সদর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল, সম্পাদক রেজাউল
সাত বছর পর নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নওগাঁ জিলা স্কুল মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে। রেজাউল গত কমিটির সহসভাপতি ছিলেন।
আজ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ কাউন্সিলর, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান।
এর আগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। সম্মেলনে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংসদ নিজাম উদ্দিন জলিল প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন প্রমুখ।
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৩০ নভেম্বর। ওই সম্মেলনে মাহবুবুল হক সভাপতি ও জালাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরামর্শ করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
সম্মেলনে খায়রুজ্জামান বলেন, সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। বিএনপি নির্বাচনে এলে ভালো, না এলে ক্ষতি নেই।