নওগাঁয় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আ.লীগের, সাধারণ সম্পাদক বিএনপির
নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী খোদাদদ খান সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. আবদুর রাজ্জাক।
গতকাল সোমবার সমিতির কার্যালয়ে সংগঠনটির ২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশীদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি ও সহ–সাধারণ সম্পাদকের একটি করে পদসহ মোট ৭টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য দিকে সাধারণ সম্পাদক, সহসভাপতির ১টি পদ, সহ-সাধারণ সম্পাদকের ২টি পদসহ মোট ৮টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে ৩৯৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন ভোটার ভোট দিয়েছেন। নওগাঁ আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ১৫টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে খোদাদদ খান ১৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার সালাহউদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আবদুর রাজ্জাক ১৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বেলাল হোসেন পেয়েছেন ১২৮ ভোট।