নওগাঁয় আরও ৩ পুলিশ করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনজনই পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩। তাঁদের মধ্যে চার চিকিৎসকসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী ও ছয়জন পুলিশ সদস্য।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো ই-মেইলে নওগাঁ থেকে পাঠানো ১৭৭টি নমুনার ফলাফল আসে। প্রতিবেদনে তিনজনের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের সবাই পুলিশ সদস্য। ওই তিনজনের মধ্যে পত্নীতলা থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক পুলিশ সদস্য (কনস্টেবল) এবং অপরজন নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।

নওগাঁয় জেলায় এখন পর্যন্ত পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ছয়জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে পাঁচজনই পত্নীতলা থানায় কর্মরত। এ ছাড়া চার চিকিৎসা কর্মকর্তাসহ এ পর্যন্ত ১৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নওগাঁয় জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। করোনা থেকে সুস্থ জীবনে ফিরেছেন ১০ জন।

ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ মুর্শেদ বলেন, নতুন আক্রান্ত তিন পুলিশ সদস্যের সবাই আগে আক্রান্ত অন্য পুলিশ সদস্যের সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই পুলিশ সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, করোনা পরিস্থিতিতে এসপির কার্যালয়, ডিবি পুলিশ, জেলার ১১টি থানাসহ পুলিশের প্রতিটি ইউনিট দুটি করে শিফট করে পুলিশি কার্যক্রম চালানো হচ্ছে। অর্থাৎ কোনো ইউনিটের একটি গ্রুপ ডিউটিতে থাকতে অন্য গ্রুপ অফ ডিউটিতে থাকছে। এর ফলে কোনো গ্রুপের কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলে ওই গ্রুপের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তখন অন্য গ্রুপটি পুলিশ কার্যক্রম চালিয়ে যাবে। ফলে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হলেও থানা কিংবা পুলিশের কোনো ইউনিটের পুলিশ কার্যক্রম বন্ধ থাকবে না।

নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল একজন নার্সের শরীরে। এরপর গত ২২ দিনে আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত হলো এ জেলায়।