নওগাঁয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়াল, আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

নওগাঁয় করোনার সংক্রমণ ঠেকাতের প্রশাসন বিশেষ বিধিনিষেধের জারি করেছে। এর মধ্যেই জেলায় বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৬২ শতাংশ। জেলায় নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৬।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তি রানীনগর ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হলো। মৃত ওই দুই ব্যক্তি হলেন রানীনগর উপজেলার বরগাছা ইউনিয়নের মৃত আয়াত আলীর স্ত্রী শহিদা বেগম (৭৫)। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে গতকাল সোমবার সকালে তাঁকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অপর ব্যক্তি হলেন নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আইয়ুব আলী (৭২)। গতকাল সোমবার বিকেলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা শনাক্ত হয়। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় তিন ধরনের নমুনা পরীক্ষায় (অ্যান্টিজেন, আরটিপিসিআর ও জিন এক্সপার্ট টেস্ট) ২৮১ নমুনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়। গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব থেকে ৮৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ৩৯ জনের করোনা পজিটিভ আসে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৪ জনের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ মেডিকেল কলেজ ল্যাবে দুজনের নমুনার জিন এক্সপার্ট টেস্টে দুজনের করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল ৪০৫টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। রোববার ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৩২ শতাংশ। শনিবার ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে ৩ থেকে ৯ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী জেলায় আংশিক লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে লকডাউন তুলে দিয়ে সংক্রমণ ঠেকাতে ১০ জুন থেকে সপ্তাহব্যাপী পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।