নওগাঁয় করোনায় ২৪ ঘণ্টায় মারা গেলেন তিনজন
নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। জেলায় এক দিনে এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন ব্যক্তি নিয়ামতপুর, মহাদেবপুর ও পোরশা উপজেলার বাসিন্দা। এদিকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মে থেকে এ জেলায় এ পর্যন্ত ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে গত ১ মে থেকে ১ জুন পর্যন্ত ৩১ দিনে ১১ জন মারা গেলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের বাসিন্দা রাশেদুল ইসলামের (৩৫) নমুনা পরীক্ষায় গত ১৭ মে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সোমবার রাতে করোনা–সংক্রান্ত জটিলতায় নিজ বাড়িতেই তিনি মারা যান।
নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামের বাসিন্দা নিয়ামত উল্লাহর (৭০) করোনা শনাক্ত হয় গত ২৪ মে। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তীব্র শ্বাসকষ্ট দেখা গেলে গতকাল বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পোরশা উপজেলার নিহতপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. রাজ্জাক (৫৮) করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাতে নিজ বাড়িতে মারা যান। গত রোববার তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষায় জেলায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ৭৭ শতাংশ। নতুন শনাক্ত হওয়া রোগী ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ৩৫ জন, নওগাঁ সদরে ২২, ধামইরহাটে ৫, মহাদেবপুরে ৩ ও মান্দা ও পত্নীতলা উপজেলায় ১ জন রয়েছে।
নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, ‘নওগাঁয় ঈদুল ফিতরের পর সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটা বেশ উদ্বেগের। এ অবস্থায় আমরা অ্যান্টিজেন পরীক্ষার ওপর বেশি জোর দিচ্ছি। মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে।’
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নওগাঁসহ সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেযজ্ঞ কমিটি। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ সম্পর্কে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।