নওগাঁয় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত আরও ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার পরীক্ষা
প্রতীকী ছবি

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ দুপুরে নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন ব্যক্তি মান্দা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বাসিন্দা। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মে থেকে এ জেলায় এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে গত ১ মে থেকে ১ জুন পর্যন্ত ৩১ দিনে ১৮ জন মারা গেলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার পশ্চিম নুরুল্যাবাদ গ্রামের বাসিন্দা শেফালী বেওয়ার (৭০) নমুনা পরীক্ষায় ৬ জুন শরীরে করোনা শনাক্ত হয়। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পত্নীতলা উপজেলার জাদুবাটি গ্রামের বাসিন্দা আবদুল গফুরের (৬৫) করোনা শনাক্ত হয় গত ৩১ মে। এরপর থেকে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। ধামইরহাট শংকরপুর গ্রামের বাসিন্দা ছয়ফুদ্দিন (৭০) করোনায় আজ সকাল আটটার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। গত রোববার তাঁর করোনা শনাক্ত হয়। গতকাল সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনের নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে জেলায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ৭ জন, নওগাঁ সদরে ৮, ধামইরহাটে ৩, মহাদেবপুরে ৩, মান্দায় ৭, সাপাহারে ৪, বদলগাছিতে ৩ এবং আত্রাই উপজেলায় ১ জন রয়েছেন।
নওগাঁয় গত বছরের ১৩ মে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই সময় থেকে গতকাল পর্যন্ত ১৫ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, ‘নওগাঁতে ঈদুল ফিতরের পর থেকে সংক্রণের হার উর্ধ্বমুখী। এটা বেশ উদ্বেগের। এ অবস্থায় আমরা অ্যান্টিজেন পরীক্ষার ওপর বেশি জোর দিচ্ছি। মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে।’

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন এবং মান্দা, সাপাহার ও পোরশা উপজেলায় সপ্তাহব্যাপী বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন।