নওগাঁয় কোভিড রোগী ১৩০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগী দাঁড়াল ১ হাজার ৩০১ জনে। আজ শুক্রবার নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আরও জানিয়েছেন, এ পর্যন্ত নওগাঁয় কোভিড থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন। আক্রান্তের হিসাবে এ রোগে সুস্থতার হার ৯৩ দশমিক ৩৮ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নওগাঁ থেকে পাঠানো ৭২টি নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার রাতে পৌঁছায়। এর মধ্যে ছয়জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের মধ্যে সদর উপজেলার চারজন এবং নিয়ামতপুর ও বদলগাছীর একজন করে রয়েছেন।

সচেতনতার অভাবে কিংবা উদাসীনতার করণে এখন অনেক মানুষই করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আগ্রহী হচ্ছেন না।
এ বি এম আবু হানিফ, সিভিল সার্জন, নওগাাঁ

একই সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল নওগাঁয় প্রথম একজনের করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের চতুর্থ মাসে গত ৯ আগস্ট এখানে রোগীর সংখ্যা এক হাজার ছাড়ায়। রোগী ১ হাজার ২০০ ছাড়ায় ৮ সেপ্টেম্বর। এ পর্যন্ত জেলায় ৯ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী নওগাঁ সদর উপজেলায় ৫১৫ জন। এরপরই রয়েছে সাপাহার উপজেলায় ১২৯ জন। শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে বদলগাছী উপজেলায় ১১০ ও মহাদেবপুর উপজেলায় ১০৬ জন। এ পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের সংখ্যা কমছে না। সচেতনতার অভাবে কিংবা উদাসীনতার করণে এখন অনেক মানুষই করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আগ্রহী হচ্ছেন না। যাঁদের একটু জটিল উপসর্গ দেখা দিচ্ছে, কেবল তাঁরাই বুথে নমুনা দিতে আসছেন। এ জন্য দুই মাস ধরে নমুনা সংগ্রহের পরিমাণ অনেকটাই কমে গেছে। ফলে করোনা রোগী শনাক্ত হচ্ছে কম। এ অবস্থায় সংক্রমণের দিক থেকে এখনো ঝুঁকি রয়েছে।