নওগাঁয় টিসিবির পণ্য কিনতে হুড়োহুড়ি

স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন ক্রেতার। বৃহস্পতিবার নওগাঁ শহরের ব্রিজের মোড় এলাকায়প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ শহরে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে ৬ জুলাই থেকে। টিসিবির এসব ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে স্বল্প মূল্যে পণ্য পেতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে করোনার সংক্রমণ বৃদ্ধির এ সময়ে টিসিবির পণ্য ক্রয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বালাই থাকছে না ক্রেতাদের মধ্যে। হুড়োহুড়ি আর গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ পণ্য কিনছেন।

আজ বুধবার টিসিবির পণ্য বিক্রির তৃতীয় দিনেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। দুপুরে লাইনে দাঁড়ানো মাস্ক পরে থাকা জুলেখা বেগম নামের একজন নারী বলেন, ‘কেউ তো কারও কথা শুনছে না। হুমড়ি খেয়ে গায়ের ওপর এসে পড়ছে। অনেকের মুখে মাস্কও নেই। কম দামে পণ্য কিনতে এসে জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ছে। আমাদের মতো লোকের জীবনের কোনো মূল্য নেই। একটু কম দামে পণ্য কিনে দুটা টাকা সঞ্চয় হলেও আমাদের অনেক উপকার।’

আজ দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের ব্রিজের মোড় এলাকার চিত্র এটি। এ সময় ব্রিজের মোড় যমুনা হোটেল অ্যান্ড মার্কেটের সামনে টিসিবির পণ্য বিক্রির একটি ট্রাক দাঁড়াতেই ক্রেতারা লাইনের সামনে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। নারীদের লাইনে হাতাহাতিও লেগে যায়। ট্রাকের সামনে দীর্ঘ সারি দেখে ডিলারপক্ষের একজন হ্যান্ডমাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেন। তবে এ কথায় ক্রেতারা কান না দিয়েই একজন আরেকজনের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েন। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল না।

টিসিবির নেওয়া এ কর্মসূচি ঈদের ছুটি বাদে চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পণ্য শেষ না হওয়া বিক্রি পর্যন্ত চলবে।

টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র থেকে পণ্য কিনতে আসা শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকার বাসিন্দা রঞ্জন কুমার বলেন, ‘বাজারে সব জিনিসের দাম আগুন। এর মধ্যে যদি একটু কম দামে দুটি পণ্য কেনা যায়, তাতেই অনেক কিছু। তবে যে দীর্ঘ লাইন আর নিয়মকানুনের যা অবস্থা, তাতে সুস্থভাবে পণ্য কিনে বাড়ি ফিরতে পারব যে তা বলা মুশকিল।’

আজ বুধবার শহরের ব্রিজের মোড়, কাঁঠালতলী, দয়ালের মোড় ও কালীতলা এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হয়। চারজন পরিবেশকের (ডিলার) মাধ্যমে ট্রাকে করে শহরের বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় করা হচ্ছে। একই স্থানে প্রতিদিন বিক্রি করা হলে অন্য এলাকার মানুষ এ সুবিধা পাবেন না, এ কথা মাথায় রেখে পরিবেশকদের মাধ্যমে শহরের ১৫টি স্থান টিসিবির পণ্য বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সরবরাহ করা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। চারটি ট্রাকের প্রতিটিতে ৩০০ কেজি চিনি, ৩০০ কেজি ডাল ও ৫০০ লিটার তেল দেওয়া হচ্ছে। টিসিবির নেওয়া এ কর্মসূচি ঈদের ছুটি বাদে চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পণ্য শেষ না হওয়া বিক্রি পর্যন্ত চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি ডাল ও চার লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

আজ অবশ্য টিসিবির পণ্য বিক্রি শুরুর প্রায় আধা ঘণ্টা পর সেনাবাহিনীর একটি ভ্রাম্যমাণ টহল দল ও একজন ম্যাজিস্ট্রেটের গাড়ি সেখানে পৌঁছে। সেনাসদস্যরা টিসিবির পণ্য কিনতে দাঁড়ানো ক্রেতাদের লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা ইমাম উদ্দিন বলেন, স্পষ্ট নির্দেশনা আছে, প্রতিটি ট্রাকের সামনে টায়ার ব্যবহার করতে হবে, হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিতে হবে এবং ক্রেতাদের অবশ্যই মাস্ক পরে লাইনে দাঁড়াতে হবে। বিক্রেতাদেরও মাস্ক পরতে হবে। এসব বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।