নওগাঁয় ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের
নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝলঝলিয়া মোড় এলাকায় নিয়ামতপুর-ধানসুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাবা আজাদ আলী (৪৫) ও তাঁর ছেলে সাহাদত হোসেন (১৮)। তাঁরা উপজেলার ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম সোহান হোসেন (১৮)। তিনি একই গ্রামের মোস্তাক আহমেদের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নিয়ামতপুর থানার পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে ঝলঝলিয়া থেকে নিয়ামতপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। নিয়ামতপুর-ধানসুরা সড়কের ঝলঝলিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদ আলী নিহত হন। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে সাহাদতের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।