নওগাঁয় ১৪০টি নমুনা পরীক্ষায় ৬৭ জন করোনা পজিটিভ
নওগাঁয় করোনা সংক্রমণের হার প্রতিদিনই বেড়ে চলেছে। জেলায় সর্বশেষ সংগৃহীত ১৪০টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৮৬ শতাংশ। তবে এর মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯ জন। বাকি ৮ জনের ফলোআপ পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে।
আজ মঙ্গলবার সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ প্রথম আলোকে বলেন, গত ২৬ ও ২৭ মে পাঠানো ১৪০টি নমুনা পরীক্ষার ফলাফল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে গতকাল সোমবার রাতে এসেছে। এর মধ্যে নতুন শনাক্ত হওয়া ৫৯ জনের মধ্যে নিয়ামতপুর উপজেলায় রয়েছেন ২৭ জন, নওগাঁ সদরের ২২ জন, ধামইরহাটের ৫ জন, মহাদেবপুরের ৩ জন এবং মান্দা ও পত্নীতলা উপজেলার ১ জন করে রয়েছেন।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ২৭ মে এক দিনে শনাক্তের হার ছিল ৫৭ দশমিক ৭৮ শতাংশ। ওই দিন ৪৫টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
নওগাঁয় প্রথম কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয় গত বছরের ১৩ মে। সেই থেকে গতকাল ৩১ মে পর্যন্ত ১৫ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, ‘জেলায় ঈদুল ফিতরের পর করোনা সংক্রমণ বেড়ে গেছে। করোনা শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। এটা বেশ উদ্বেগের। এ অবস্থায় আমরা অ্যান্টিজেন পরীক্ষার ওপর বেশি জোর দিচ্ছি। মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে।’
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নওগাঁসহ সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ সম্পর্কে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
নওগাঁয় লকডাউন ঘোষণা করা হবে কি না জানতে চাইলে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ কমিটি নওগাঁসহ সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, সেটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’