নওগাঁয় পশুর হাট বন্ধ ঘোষণা, বেচাকেনা অনলাইনে
বিভিন্ন খামার ও গৃহস্থের বাড়িতে এ বছর ৩ লাখ ২০ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে। এর মধ্যে জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৩৫ হাজার।
করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় চলমান বিধিনিষেধের পাশাপাশি জেলার সব পশুহাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ৩০ জুন পর্যন্ত পশুহাট বন্ধের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে খামার ও গৃহস্থের বাড়ি থেকে এবং অনলাইনে গবাদিপশু ক্রয়-বিক্রয় করা যাবে।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে এমন সিদ্ধান্তের কারণে লোকসানে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন পশুর খামারিরা। তাঁরা বলছেন, কোরবানির ঈদের আগমুহূর্তে পশুহাট বন্ধ রাখার ঘোষণায় তাঁদের ব্যবসার ক্ষতি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জারি করা চলমান বিশেষ বিধিনিষেধের পাশাপাশি জেলার সব পশুহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট থেকে জেলার অভ্যন্তর ও বাইরে সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।
জেলায় ছোট-বড় ১০৪টি হাটবাজার রয়েছে। এর মধ্যে স্থায়ী পশুর হাট ৩৮টি। মান্দা উপজেলার চৌবাড়িয়া ও সতিহাট, নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার, পোরশা উপজেলার মশিদপুর, মহাদেপুরের মাতাজীহাট, বদলগাছীর কোলাহাট ও রানীনগরের আবাদপুকুর বৃহৎ পশুর হাট। প্রতিবছর কোরবানির ঈদ মৌসুমে এসব হাটে স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা গরু কিনতে আসেন।
বিভিন্ন খামার ও গৃহস্থের বাড়িতে এ বছর ৩ লাখ ২০ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে। এর মধ্যে জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এমন তথ্য দিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।
খামারি সাইফুল ইসলামের বাড়ি নওগাঁ পৌরসভার শিবপুর এলাকায়। তিনি বলেন, এ বছর কোরবানির হাটে বিক্রির জন্য খামারে ১২টি গরু লালন-পালন করেছেন। প্রতিটি গরুর পেছনে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে খরচ হয়েছে। প্রতিটি গরু ৯০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রির আশা করেছিলেন। কিন্তু পশুর হাট বন্ধের ঘোষণা শুনে কিছুটা চিন্তিত। হাট বন্ধ থাকলে খরচের টাকা তোলা কঠিন। কারণ, হাটে দর-কষাকষি করে বিক্রি হয় বলে ভালো লাভ থাকে।
জেলার বেশ কয়েকটি পশুহাটের ইজারাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি মনে করছেন, পশুহাট একেবারে বন্ধ রাখার সিদ্ধান্তটি সঠিক নয়। কারণ, কোরবানিকে কেন্দ্র করে বহু খামারি ও গৃহস্থ পশু লালন-পালন করেন একটু লাভের আশায়। হাট বন্ধ রাখলে তাঁদের বড় ধরনের লোকসানে পড়তে হবে। রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে কেনাবেচা চালু রাখা উচিত।
গত ঈদুল ফিতরের পর থেকে নওগাঁয় করোনার সংক্রমণ বাড়তে থাকে। সংক্রমণ রোধে ৩ থেকে ৯ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী জেলায় আংশিক লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এরপর ১০ থেকে ১৬ জুন পর্যন্ত জেলাজুড়ে এক সপ্তাহের বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। এর মেয়াদ সাত দিন বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ৪০৯ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৬ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
গত বছরের ২৩ এপ্রিল নওগাঁয় প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ পর্যন্ত ২৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, হাসপাতালগুলোতে করোনার রোগীর চাপ বাড়ছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই।