নওগাঁয় পুকুরে গোসলে নেমে লাশ হলো চার শিশু
নওগাঁ শহরের আরজি-নওগাঁ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে আরজি-নওগাঁর শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এই চার শিশু হলো টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া আক্তার (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬), টুকু মণ্ডলের ভাই সালাম মণ্ডলের মেয়ে খাদিজা আক্তার (৮) ও আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮)। মৃত শিশুরা সবাই একই এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্বজনদের অজান্তে ওই চার শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও শিশুরা বাড়িতে না ফেরায় স্বজনেরা আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে প্রতিবেশী শিশুদের মাধ্যমে স্বজনেরা জানতে পারেন, ওই চার শিশু পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর প্রায় ১ ঘণ্টা ধরে পুকুরে খোঁজাখুঁজি করে ওই চার শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তৎক্ষণাৎ তাঁদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
বিকেল চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসঙ্গে চার শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে আশপাশের এলাকার অসংখ্য মানুষ তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তাঁর মেয়েও ওই চার শিশুর সঙ্গে খেলছিল। খেলতে খেলতে তারা বেলা একটার দিকে পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় তাঁর মেয়ে পুকুরে না নেমে বাড়িতে চলে আসে।
মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পরপরই ওই চার শিশুর দাফন সম্পন্ন হবে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজন ও এলাকাবাসীরা পানিতে ডুবে যাওয়া শিশুদের লাশ উদ্ধার করে। শিশুদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।