নওগাঁয় বিএনপির স্থগিত হওয়া সমাবেশ ১২ জানুয়ারি
নওগাঁয় ১৪৪ ধারা জারির পরিপ্রেক্ষিতে ২৮ ডিসেম্বর স্থগিত হওয়া জেলা বিএনপির সমাবেশ ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে ২৮ ডিসেম্বর শহরের নওজোয়ান মাঠে সমাবেশ ডাকে জেলা বিএনপি। কিন্তু ওই স্থানে একই সময়ে জেলা যুবলীগ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সমাবেশ আহ্বান করে। বিএনপি পরবর্তীকালে শহরের এ-টিম মাঠে তাঁদের সমাবেশ করার ঘোষণা দেন। কিন্তু ওই স্থানেও একই সময়ে জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকে। এ অবস্থায় জেলা প্রশাসন নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফলে বিএনপি সমাবেশ স্থগিত করে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ১২ জানুয়ারি ওই আয়োজনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের নওজোয়ান মাঠ, এ–টিম মাঠ, মুক্তির মোড় শহীদ মিনার—এই তিনটি স্থানের মধ্যে যেকোনো একটি স্থান ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছে। গত মঙ্গলবার লিখিতভাবে কর্তৃপক্ষকে এ আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। অনুমতি না মিললে কী পদক্ষেপ নেওয়া হবে, তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাফিজুর জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২৮ ডিসেম্বর যুবলীগ ও ছাত্রলীগ বিএনপির সমাবেশস্থলে সমাবেশ আহ্বান করে। তাদের এ ধরনের কর্মকাণ্ড নির্লজ্জ ও ফ্যাসিবাদী আচরণের শামিল ও নিন্দনীয় দৃষ্টান্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন, এ জেড এম রফিকুল ইসলাম প্রমুখ।