নওগাঁয় বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁয় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই সদস্য আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এ ঘটনা ঘটে।

ওই বিজিবি সদস্যের নাম তানভীর হোসেন (২৬)। তিনি নড়াইল সদর উপজেলার শেখ আরজুনুর ইসলামের ছেলে।

সহকর্মীদের বরাত দিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবির সিপাহি তানভীর ক্যাম্পের ভেতরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে গুলি চালান। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা ছুটে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বুকে গুলির আঘাত রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্ত করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, এ ব্যাপারে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করার জন্য বিজিবির তত্ত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিকভাবে কোনো ক্ষোভ থেকে ওই সিপাহি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।