নওগাঁয় বিয়ের আসর ছেড়ে পালালেন বর

বরপক্ষের আপ্যায়ন শেষে চলছিল বিয়ে পড়ানোর প্রস্তুতি। কনে অপ্রাপ্তবয়স্ক। এমন সময় সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বর ও তাঁর সঙ্গে আসা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে কনের বাবাকে ডেকে বিয়ের আয়োজন পণ্ড করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল শুক্রবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলায় এ ঘটনা ঘটে।
করোনাভাইরাস পরিস্থিতিতে লোকসমাগম করে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ধামইরহাট উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৫) সঙ্গে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সৌদিপ্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষের আপ্যায়ন শেষে কাজী বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ওই আয়োজনে প্রায় দেড় শতাধিক লোক সমবেত হয়েছেন—এমন গোপন খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বর আবু সাঈদ ও তাঁর লোকজন বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান।
সহকারী কমিশনার শাহীন মিয়া বলেন, ‘একে তো বাল্যবিবাহ, তার ওপর করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগমের নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ধরণের বিয়ের আয়োজন বন্ধে প্রশাসনকে খবর দিয়ে স্থানীয় জনগণ প্রশংসনীয় কাজ করেছে।’