নওগাঁয় লকডাউন এলাকা এড়িয়ে ছাড়ছে দূরপাল্লার বাস
নওগাঁ পৌর এলাকায় বিশেষ লকডাউন শুরু হওয়ায় শহর থেকে ঢাকা ও বগুড়াগামী কোনো বাস ছাড়ছে না। তবে পৌর এলাকার বাইরে গিয়ে নওগাঁ-সান্তাহারের সীমান্ত এলাকার ঢাকা রোড থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। যদিও গতকাল বুধবার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণার সময় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেছিলেন, নওগাঁ থেকে কোনো যানবাহন জেলার বাইরে যাবে না।
সরেজমিনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেখা গেছে, নওগাঁ থেকে ঢাকা ও বগুড়াগামী সব বাস ঢাকা রোড এলাকায় অবস্থান নিয়েছে। এসব বাস সেখান থেকে যাত্রী নিয়ে গন্তব্যে চলাচল করছে। একটি বাসের চালক মমতাজ আলী বলেন, ঢাকা রোড এলাকায় লকডাউন না থাকায় তাঁরা নিয়ম মেনে এখান থেকে বাস ছাড়ছেন। পুলিশের সামনেই সান্তাহার-নওগাঁ সড়কে অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। সান্তাহার জংশন শহর হওয়ার কারণে রেলপথে যাতায়াতের জন্য নওগাঁ শহর থেকে অনেকে সান্তাহার পৌর শহরে যাতায়াত করছে।
নওগাঁ থেকে বিভিন্ন পথে সান্তাহারে মানুষ চলাচল করায় আতঙ্কিত হয়ে পড়েছে সান্তাহারের মানুষ। নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন লকডাউনের আওতায় না থাকায় নওগাঁ শহরের বাইপাস সড়ক ও কাঠালতলী থেকে অবাধে যানবাহন চলাচল করছে। কাঠালতলী এলাকা থেকে সান্তাহার শহরের দূরুত্ব মাত্র এক কিলোমিটার। এ কারণে করোনার ঝুঁকিতে রয়েছে সান্তাহার শহর ও এর আশপাশ এলাকার মানুষ।
সান্তাহার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, শুধু নওগাঁ পৌরসভা এলাকা লকডাউনের আওতায় আনার ফলে চরম ঝুঁকিতে পড়ছে সান্তাহার শহরের মানুষ। কাঠালতলী থেকে বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর থেকে সহজেই সব যানবাহন চলাচল করতে পারছে। বোয়ালিয়া ইউনিয়নকে লকডাউনের আওতায় নিয়ে আসা না হলে লকডাউনের কোনো কার্যকারিতা থাকবে না।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, পুরো নওগাঁ জেলাকে লকডাউনের আওতায় না এনে শুধু নওগাঁ পৌরসভা এলাকায় লকডাউন দেওয়ায় সান্তাহার শহরের মানুষ ঝুঁকিতে পড়েছে।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয় নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।