নওগাঁয় লকডাউনের তৃতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় লকডাউনের তৃতীয় দিনের চিত্র। আজ শনিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ও জেলার আরও তিনটি উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিন চলছে আজ শনিবার।

লকডাউনের আগের দুই দিনের তুলনায় রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। পুলিশ ও প্রশাসনের তৎপরতার কারণে নওগাঁ পৌর শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেলেও পাড়া-মহল্লার রাস্তাগুলোতে অনেক মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছে। আজ শনিবার নওগাঁ শহর বিভিন্ন এলাকা ও নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে ঘুরে দৃশ্য দেখা যায়।

সকালে নওগাঁ শহরের উকিলপাড়া, হাট-নওগাঁ, চকদেবপাড়া ও পার-নওগাঁ ঘুরে দেখা যায়, রাস্তায় রিকশা, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলছে। গত দুই দিনের তুলনায় মানুষের ও যানবাহনের চলাচল বেড়েছে। এসব মহল্লার অধিকাংশ দোকানপাট খোলা। তবে শহরের মূল রাস্তাগুলোতে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশিচৌকি থাকায় মানুষের চলাচল কম দেখা যায়। এসব তল্লাশিচৌকিতে যানবাহনের চালক ও যাত্রীদের পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে।

সকাল ৯টার দিকে শহরের বিহারি কলোনি এলাকায় পুলিশের গাড়ি আসতে দেখে খুলে রাখা দোকানগুলো তড়িঘড়ি করে বন্ধ করতে দেখা যায়। পুলিশের গাড়ি চলে গেলে আবার দোকানপাট খোলা হয়। বিহারি কলোনি বাজারে অনেকের মতোই মুখে মাস্ক না পরেই সবজি বিক্রি করছিলেন কামাল হোসেন। মাস্ক না পরার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘মাস্ক পরে কী হবে? মাস্ক পরে কী মৃত্যু ঠেকানো যাবে?’

বেলা ১১টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে প্রায় স্বাভাবিক দিনের মতো অবস্থা লক্ষ করা যায়। ধানের হাটে লোকজনের অনেক উপস্থিতি ছিল। অধিকাংশ মানুষের মুখে নেই কোনো মাস্ক।

এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ‘মানুষ সচেতন না হলে লকডাউন কিংবা বিধিনিষেধ যতই আরোপ করা হোক না কেন, তা কোনো কাজে আসবে না। মানুষের এমন উদাসীনতার কারণে আমাদের সবাইকে মূল্য দিতে হবে। বিধিনিষেধ আরোপের ফলে সাময়িক একটু কষ্ট হলেও অন্তত জীবনটা রক্ষা হবে। এই বোধ থেকে আমাদের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।’

করোনা সংক্রমণ সামান্য কমেছে

গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় নতুন করে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁরা দুজনই নওগাঁ পৌরসভার হাট-নওগাঁ এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ৪৯৫টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে ১৭৯টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

নওগাঁয় কোনো হাসপাতালে আইসিইউ নেই

নওগাঁয় করোনা রোগীদের চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটসহ সরকারি-বেসরকারি কোনো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই।

করোনা ইউনিটে কর্তব্যরত একাধিক চিকিৎসা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নওগাঁর কোনো হাসপাতালে আইসিইউ শয্যা না থাকায় করোনায় আক্রান্ত জটিল রোগীদের রাজশাহী কিংবা বগুড়ার হাসপাতালে পাঠাতে হয়। কিন্তু রোগী পরিবহনে ব্যবহৃত এখানকার অ্যাম্বুলেন্সগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় ওই সব জটিল রোগীদের রাজশাহী কিংবা বগুড়ার নিতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে। ফলে তাঁদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়।

নওগাঁ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন নওগাঁ শহরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। আজ সকালে হাসপাতাল চত্বরে কথা হয় সাইফুল ইসলামের ছেলে সাব্বির রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বাবাকে ১ জুন হাসপাতালে ভর্তি করিয়েছি। গতকাল রাত থেকে বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার পরও শ্বাসকষ্ট কমছে না। চিকিৎসকেরা বলছেন, তাঁকে এখন আইসিইউ বেডে নিতে হবে। আইসিইউ বেডে নেওয়ার জন্য বাবাকে আজকেই রাজশাহী কিংবা বগুড়াতে নিতে হবে। নওগাঁর হাসপাতালে আইসিইউ সুবিধা থাকলে এই ভোগান্তিটা পোহাতে হতো না।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আশিষ কুমার সরকার বলেন, নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে ১২১ শয্যায় রোগী আছেন, আর ৮০টি শয্যা এখনো খালি আছে। জেলার কোনো হাসপাতালেই আইসিইউ বেড নেই। নওগাঁ সদর হাসপাতাল, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে। অন্য হাসপাতালগুলোতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নেই।

গত বছরের ১৩ মে নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে আজ শনিবার পর্যন্ত ১৫ হাজার ৬২৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৯০ শতাংশ।