নওগাঁয় লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর পুলিশ–প্রশাসন
করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ও জেলার আরও তিনটি উপজেলায় ঘোষিত বিধিনিষেধ আরোপের আজ শুক্রবার দ্বিতীয় দিন চলছে। আজ বিভিন্ন তল্লাশিচৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে।
ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। শহরের প্রধান সড়কে একাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় যানবাহন খুব কম থাকায় অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন।
প্রশাসন ও পুলিশের তৎপরতায় নওগাঁ পৌর এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে নিয়ামতপুর উপজেলায় লকডাউনের বিধিনিষেধ মানার ক্ষেত্রে মানুষের দেখা গেছে ঢিলেঢালা ভাব। সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজরে গিয়ে দেখা যায়, লকডাউন উপেক্ষা করেই খোলা হয়েছে দোকানপাট। লোকজনের ভিড়ও আছে বেশ। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক আছে।
বিধিনিষেধের মধ্যেও নওগাঁর সবচেয়ে বড় আমবাজার সাপাহারে অন্য দিনের মতো আম বেচাকেনা হয়েছে বলে জানান সাপাহার আড়তদার সমিতির সভাপতি কার্তিক সাহা। তিনি বলেন, আমবাজারের ক্ষেত্রে প্রশাসন বিধিনিষেধ শিথিল করেছে। এ জন্য আম বেচাকেনায় কোনো সমস্যা হচ্ছে না। আম চাষিরা কোনো বিড়ম্বনা ছাড়াই বাজারে আসতে পারছেন। পণ্যবাহী পরিবহন চালু থাকায় বাইরের ব্যবসায়ীরা আজও আম কিনতে এসেছেন। প্রতিদিনের মতোই আম বেচাকেনা হচ্ছে।
করোনার সংক্রমণ রোধে গত বুধবার সংবাদ সম্মেলন করে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন। এ ছাড়া সাপহার, পোরশা ও মান্দা উপজেলায় বাজারঘাট ও জনসমাগম ঘটে, এমন এলাকা লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
পুরোহিতের মৃত্যু, আরও ২৪ জনের করোনা শনাক্ত
নওগাঁর ধামইরহাট উপজেলায় করোনায় সনাতন ভট্টাচার্য (৫৫) নামের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পলাশবাড়ী গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন, ২৫ মে সনাতন ও তাঁর ছেলে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ৩১ মে বাবা ও ছেলের করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তাঁরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ শুক্রবার ভোরে সনাতন ভট্টাচার্য বাড়িতেই মারা যান।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২৭টি নমুনা পরীক্ষায় নওগাঁয় জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নিয়ামতপুর উপজেলায় ১৪ জন, সদর উপজেলার ৩, সাপাহারে ৩, রানীনগর, ধামইরহাট, পোরশা ও মহাদেবপুরে ১ জন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া নমুনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ।