নওগাঁয় ৫০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি
ছবি: সংগৃহীত

নওগাঁর সদর উপজেলার কোমাইগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করেছে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাতে আটক করার পর আজ বুধবার সকালে তাঁদের নওগাঁ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার মমিনুল ইসলাম (৩৮) ও একই এলাকার মিরাজুল ইসলাম (২৮)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সামসুদ্দিন বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সালামের বাড়িতে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাড়ি মালিক আবদুস সালামের ছেলে মমিনুল ইসলাম ও তাঁর প্রতিবেশী মিরাজুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ১১৫ কেজি ওপরে। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কষ্টিপাথরের মূর্তি,যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। আজ সকালে আটক ব্যক্তিদের নওগাঁ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।