নওগাঁয় ৬ ভুয়া দন্ত চিকিৎসককে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জন ভুয়া দন্ত চিকিৎসককে আটক করে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের জেল-জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম। এ সময় র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক রুহ-ফি তাহমিন তৌকির, নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আশিষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নওগাঁ শহরের কালীতলা এলাকার তৌফিকুল ইসলাম (৪২), কাঁচাবাজার এলাকার কৃষ্ণ কমল সাহা (৫৮), খাস নওগাঁ এলাকার শহীদুল ইসলাম (৬১), একই এলাকার জাহাঙ্গীর আলম (৪৫), লাটাপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৪০) ও সাজ্জাদ হোসেন (৪১)।

তাঁদের মধ্যে তৌফিকুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, কৃষ্ণ কমল সাহা ও জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা করে, শহীদুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা এবং আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেনকে ২ মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের রাতেই কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম বলেন, দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে গেলে রেজিস্ট্রিকৃত বিডিএস ডিগ্রির সনদ থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। অথচ তাঁদের শিক্ষাগত যোগ্যতা কারও এসএসসি, কারও সর্বোচ্চ এইচএসসি পর্যন্ত। যোগ্যতা না থাকলেও তাঁরা বছরের পর বছর ধরে নওগাঁ শহরে সুসজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন। শুধু তা–ই নয়, অন্য দন্ত চিকিৎসকদের বিডিএস সনদ চুরি করে তা নিজের বলে চালিয়ে আসছিলেন।