নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ৮
করোনা মহামারির মধ্যে দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে। এমন অভিযোগে ঢাকা, সাভার ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে এ চক্রের আট সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমান নকল ওষুধ, নকল ওষুধ তৈরির যন্ত্র ও ছাঁচ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে অভিযানে আটক হওয়া আটজন হলেন– ফয়সাল মোবারক, নাসির, ওহিদুল, মামুন, রবিন, ইব্রাহিম, আবু নাঈম ও ফয়সাল। এদের মধ্যে ফয়সাল মোবারক এ চক্রের মূল হোতা।
জানতে চাইলে ডিবির লালবাগ বিভাগের কোতয়ালি জোনের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, এ চক্রের সদস্যরা আয়ুর্বেদিক ওষুধ তৈরির ভুয়া লাইসেন্স বানান। এই লাইসেন্স ব্যবহার করে তাঁরা প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিলেন। এর মধ্যে সেকলো, মোনাস, মন্টিয়ার, সেফ–৩, নেপ্রোক্সেন প্লাসের মতো বহুল ব্যবহৃত ওষুধও রয়েছে।
উৎপাদিত নকল ওষুধ সারাদেশে ছড়িয়ে দিতে চক্রের সদস্যরা বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো বলেও জানান সাইফুর রহমান আজাদ।
তিনি আরও জানান, নকল ওষুধ বানাতে এ চক্রের মূল হোতা ফয়সাল সাভার ও পিরোজপুরে কারখানা স্থাপন করেন। আতিয়ার নামে একজন কেমিষ্টের কাছ থেকে বাজারে প্রচলিত ব্র্যান্ডের বিভিন্ন ওষুধের ফর্মুলা সংগ্রহ করেন তিনি। এরপর রাজধানী পুরান ঢাকার কেমিকেল ব্যবসায়ী মুহিবের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে সেই কারখানায় নকল ওষুধ বানানো হত। গত বৃহস্পতিবার কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ওষুধ ও তা তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।
সাইফুর রহমান আজাদ আরও জানান, নকল ওষুধে মোড়ক লাগানো ও বাজারজাতের দায়িত্বে ছিলেন আবু নাঈম। আটক হওয়া বাকিরা এসব নকল ওষুধ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতেন। এ চক্রের আরও সাত সদস্য ওয়াহিদ, নাদিম, আতিয়ার রনি, চঞ্চল, কালাম, পাভেল ও মুহিব পলাতক রয়েছে।