নকল মোড়কে গুঁড়া সাবান–নারকেল তেল তৈরির দায়ে কারাদণ্ড
যশোরের কেশবপুরে নকল মোড়কে কাপড় ধোয়ার গুঁড়া সাবান ও নারকেল তেল তৈরি করে বাজারজাত করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান। শহরের সরকারি কবরখানার পাশে তাঁর বাড়িতে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে হাতেনাতে তাঁকে ধরা হয়।
অভিযান পরিচালনা করেন কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠিত কোম্পানির কাপড় ধোয়ার গুঁড়া সাবান ও নারকেল তেলের মোড়ক নকল করে নতুন মোড়কে বিপণন করে আসছিলেন হাফিজুর রহমান। সার্ফ এক্সেলকে সুপার এক্সেল, রিন ডিটারজেন্টকে রিম, ঘড়ি পাউডারকে ঘুড়ি এবং প্যারাস্যুট নারকেল তেলকে প্রিয়া সুইট নারকেল তেল নাম দিয়ে একই রকম দেখতে প্যাকেট বা বোতলে বাজারজাত করছিলেন তিনি। এভাবে ক্রেতাসাধারণকে প্রতারণা করার অপরাধে হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকার জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইরুফা সুলতানা।
সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, কাপড় ধোয়ার গুঁড়া সাবান ও নারকেল তেল তৈরির কোনো অনুমোদন নেই হাফিজুরের। এর সঙ্গে প্রতারণার অপরাধে তাঁকে জেল-জরিমানা করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের কাগজপত্র পেলে আসামিকে কারাগারে পাঠানো হবে।