নকলায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
শেরপুরের নকলায় গৃহবধূ মালেকা বেগমের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রেহাইঅষ্টধর গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেলায়েত নকলা উপজেলার রেহাইঅষ্টধর সিকদারপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে। গতকালই পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে। আদালতের নির্দেশে পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছে।
এ বিষয়ে নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জহুর আলী গতকাল বিকেলে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে মালেকার মৃত্যুর ঘটনার সঙ্গে বেলায়েতের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মালেকার লাশের ময়নাতদন্তকারী শেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোবারক হোসেন গতকাল বিকেলে বলেন, ময়নাতদন্তে মালেকাকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে।