নগরকান্দায় গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের একজন বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাথী দত্ত বেসরকারি সংস্থা ‘আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্র্যাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। তিনি পাশের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তাঁর সাত ও পাঁচ বছর বয়সী দুটি ছেলেসন্তান আছে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সাথী দত্ত প্রতিদিনের মতো ঋণ সংগ্রহের কাজে ওই বাড়িতে গিয়েছিলেন। এ সময় উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তাঁর মাথার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘আশা’র নগরকান্দা আঞ্চলিক ব্যবস্থাপক ফরহাদ খান প্রথম আলোকে বলেন, এনজিওকর্মীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং নিহত সাথী দত্তের পরিবারের কাছে লাশ হস্তান্তরের সব কাজ সম্পন্ন করেছেন।
রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খুবই বেদনাদায়ক।’
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।