নগরকান্দায় পুকুর খননের সময় ৪ মণ ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুকুর খননের সময় চার মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা সাড়ে তিনটায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি প্রায় ২০০ বছরের পুরোনো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটাইল গ্রামের জহুরুল হকের জমিতে পুকুর খননের কাজ চলছিল। এক্সকাভেটর দিয়ে খননের একপর্যায়ে মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। এ খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে গিয়ে পূজা–অর্চনা শুরু করেন। সেই সঙ্গে স্থানীয় মানুষ মূর্তিটি দেখতে ভিড় করেন। পুলিশ এসে মূতিটি নিয়ে যায়।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বিষ্ণুমূর্তিটি প্রায় ২০০ বছরের প্রাচীন। এটি মূল্যবান পাথরের তৈরি মূর্তি। মূর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, মূর্তিটি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যান ও থানা-পুলিশকে জানানো হয়। পরে তারা মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে। নিয়মমাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, একসময় এলাকাটিতে হিন্দু জমিদারদের বসবাস ছিল। মূর্তিটি তাঁদের ব্যবহৃত হতে পারে।