নগরে চাকরি মেলা ২৮ ও ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের উদ্যোগে ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে আয়োজিত মেলায় অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া চাকরিপ্রত্যাশী যেকোনো শিক্ষার্থী। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মেলায় নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে নিতে অংশ নিচ্ছে প্রাণ, সিটি ব্যাংক, র‌্যাংগস মটরস, সজীব গ্রুপ, গোল্ডেন সন লিমিটেড, সিডিপিএল, গ্রিন প্ল্যানেট বিল্ডিং লিমিটেড, রয়েক্স টেকনোলজিস, ট্রান্সকম ইলেকট্রনিকস, হিপস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, পেপসি, হাবঢাকা, পিটুপি ফার্নিচার, ইমি ভিসা, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, আরএসপি পাম্প ও এসকেএফের মতো প্রতিষ্ঠান। মেলা চলাকালে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন সেমিনারেরও আয়োজন করছে চাকরি ডটকম।

মেলার প্রস্তুতি প্রসঙ্গে চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান উল হক বলেন, ‘আমরা এর মধ্যে চট্টগ্রামের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাদের এই আয়োজন সম্পর্কে অবগত আছেন। পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারণা চালিয়ে চট্টগ্রামের চাকরিপ্রত্যাশীদের এই আয়োজনের কথা জানানোর চেষ্টা করছি।’

সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী চট্টগ্রামে এমন একটি আয়োজন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়ায় চাকরি ডটকমকে সাধুবাদ জানান। একইভাবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তারও চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, চাকরি ডটকমের ওয়েবসাইটের ইভেন্ট বিভাগে ও ফেসবুক পেজে ‘ক্যারিয়ার ফেয়ার ইন চিটাগাং’ নামে পৃথক দুটি ইভেন্ট রয়েছে। এতে আয়োজন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে চাকরি ডটকমের ফেসবুক পেজে কথা বলেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, মহিলা কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ তাহুরীন সবুর, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝরনা খানম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম, ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ মনসুর-আল-আমীন, ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. দবির উদ্দীন খান ও সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া।

এই আয়োজনে সহযোগী হিসেবে আছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রথমআলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি, রেডিও এবিসি, পেপসি ও কুরকুরে। এ ছাড়া সহযোগিতায় থাকবে প্রথমআলোর চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।