নছিমনের চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার
মাদারীপুরের কালকিনিতে বালুবোঝাই নছিমনের চাপায় ওয়াহিদুজ্জামান চাঁনমিয়া (৬৫) নামের কৃষি ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি চরঠেঙ্গামারা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান তাঁর নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণের জন্য নছিমনে করে বালু আনেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে নছিমনটি বালু নিয়ে বাড়িতে ঢোকার মুহূর্তে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়ানো ওয়াহিদুজ্জামানকে চাপা দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদুজ্জামানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে গেলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, বালুবোঝাই নছিমনের চাপায় এক ব্যক্তির মারা গেছেন। খবর পাওয়ামাত্রই নিহত ওই ব্যক্তির বাড়িতে পুলিশ পাঠানো হয়। নছিমনের চালক পালিয়ে গেছেন। নছিমনটি পুলিশি হেফাজতে আছে।