নতুন কমিটি বাতিল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে ঘোষিত বান্দরবান জেলা বিএনপির নতুন কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন দলের একটি পক্ষের নেতারা। তাঁরা কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠনেরও দাবি তুলেছেন। গতকাল শনিবার বিকেলে বান্দরবান শহরের চৌধুরী মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও বিদায়ী কমিটির সহসভাপতি আবদুল কুদ্দুস, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন, আলীকদম উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সহসভাপতি ক্যহ্লাউ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম, জেলা মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম সুলতানা প্রমুখ।
বান্দরবানের বোমাং রাজপরিবারের প্রভাবশালী দুই সদস্যকে ঘিরে জেলা বিএনপির রাজনীতি বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মাম্যাচিং (রাজপরিবারের বধূ)। অন্য পক্ষে রয়েছেন সাচিংপ্রু জেরি। সম্পর্কে তাঁরা মামি (মাম্যাচিং) ও ভাগনে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মাম্যাচিংকে। তিনি দলের কেন্দ্রীয় কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক। এর আগেও দলের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। আর সাধারণ সম্পাদক পদে এসেছেন মাম্যাচিংয়ের পক্ষের নেতা হিসেবে পরিচিত বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা। তিনি আগের কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।
লিখিত বক্তব্যে সাচিংপ্রু জেরি পক্ষের নেতা আজিজুর রহমান বলেন, জেলা বিএনপির কমিটি গঠনের বিষয়টি তাঁদের জানানো হয়নি। বিভিন্ন সূত্রে তাঁরা মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটিতে তাঁদের ১০ জন নেতা বিভিন্ন পদে রাখা হয়েছে। ওপর থেকে চাপিয়ে দেওয়া কমিটি জেলা বিএনপির নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ জন্য নতুন কমিটি থেকে তাঁরা নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।